home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দৌলতপুরে পৈশাচিক হামলা: বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে মহিষ ও পাট লুট।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৪০

Facebook
Twitter

দৌলতপুরে পৈশাচিক হামলা: বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে মহিষ ও পাট লুট।

কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে রনি (৩২) নামের এক যুবককে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, এ সময় তাঁর বাড়িতে হামলা চালিয়ে ১৩টি মহিষ ও প্রায় ৩০ মণ পাট লুট এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

গুরুতর আহত রনি জামালপুর গ্রামের মৃত বিশু লাঠারের ছেলে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বসার মাচা তৈরির জন্য স্থানীয়দের কাছে বাঁশ চাওয়া হয়। অভিযোগ রয়েছে, রনির অনুমতি ছাড়াই তাঁর বাঁশঝাড় থেকে চার-পাঁচটি বাঁশ কেটে বিজিবিকে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুমন নামের এক ব্যক্তির সঙ্গে রনির বিরোধ সৃষ্টি হয়।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই বিরোধের জেরে শুক্রবার সকালে মাঠ থেকে মহিষের জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে গ্রামের কবরস্থানের পাশে রনিকে একা পেয়ে হামলা চালায় প্রতিপক্ষ। সুমনের (২৬) নেতৃত্বে উজির (৪৫), রুমন (২২), কামু (৩০), জাম্বু (২৫), লস্কর (৩৫), মন্টু (২৬)সহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান।


প্রাণ বাঁচাতে গিয়ে হামলা প্রতিরোধ করার চেষ্টা করলে ধারালো অস্ত্রের কোপে রনির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


রনিকে হাসপাতালে নেওয়ার জন্য পরিবার ব্যস্ত হয়ে পড়লে তাঁর বাড়িতে তাণ্ডব চালানো হয়। হামলাকারীরা গোয়ালঘর থেকে ১৩টি মহিষ এবং দুই গাড়িতে করে প্রায় ৩০ মণ পাট লুট করে নিয়ে যায়। এ সময় রনির ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।


খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশের পরিচালিত অভিযানে স্থানীয় নিয়ামতের বাড়ি থেকে লুটের ১৩টি মহিষ এবং পাচারের সময় দুই গাড়ি পাট উদ্ধার করা হয়।


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান নতুন দৃষ্টি-কে জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লুটের মহিষ ও পাট উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


অন্যদিকে, কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, বিজিবির জন্য বাঁশ কাটার বিষয়টি তাঁর জানা নেই; খোঁজ নিয়ে এ বিষয়ে জানানো হবে।


এই পৈশাচিক হামলায় পুরো এলাকায় থমথমে অবস্থা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত রনির পরিবার এবং স্থানীয়রা এ ঘটনার সুনির্দিষ্ট তদন্তপূর্বক সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।