

জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা ও ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় কুষ্টিয়া জেলা ও পৌর আওয়ামী লীগের আরও তিন শীর্ষ নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দমনে সহিংসতা চালানো, হত্যার নির্দেশ দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগে আসামিদের বিরুদ্ধে ৩টি পৃথক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, মামলার চার আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তাঁদের অনুপস্থিতিতেই (পলাতক অবস্থায়) নিয়মানুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করে সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারী নিহতের এই রায়কে জুলাই গণ–অভ্যুত্থান সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়ায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মাইলফলক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।