

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে ছয় সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা মোবাইল ফোন মেরামতের কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি তাঁরা স্বাবলম্বী হওয়ার মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিরাপদ ও সুন্দর জীবন গড়তে পারবেন বলে আশা করছে বিজিবি।
বিজিবি আরও জানায়, ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধির আরেকটি উদ্যোগ বাস্তবায়ন করে ৫৩ বিজিবি।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।