২৭ অক্টোবর ২০২৬
preview
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এমপি আশফাক

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকার দোহার উপজেলায় শিলাকোঠা নাইট ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি দূর করতে সবাইকে সচেতন হতে হবে। তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে হবে। এতে তারা মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল মানুষের মধ্যে শৃঙ্খলা, দলীয় মনোভাব ও পারস্পরিক সহযোগিতা তৈরি করে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করবে।

শিলাকোঠা নাইট ফুটবল প্রিমিয়ার লিগের আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি খেলাধুলার পরিবেশ ধরে রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় পর্যায়ে ফুটবলকে জনপ্রিয় করা এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। এ ধরনের প্রতিযোগিতা এলাকায় ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com