ডেক্স রিপোর্ট
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী দায়িত্বে গাড়ি রিকুইজিশন করতে গিয়ে এক ট্রাফিক পুলিশ সদস্যকে পিকআপ দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিকআপের চালক ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আজ শনিবার গ্রেফতার ব্যক্তিদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পীরগঞ্জ পৌরসভার জগথা এলাকার মো. মিজানুর রহমান (৩৮) ও রঘুনাথপুর এলাকার মো. রায়হান আলম (২৩)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বাসস্ট্যান্ড চৌরাস্তায় গাড়ি রিকুইজিশনের দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় মহাসড়কের দিক থেকে আসা একটি হলুদ পিকআপকে থামার সংকেত দেন পুলিশ সদস্য আব্দুস সালেক। পিকআপটি থামার পর চালককে গাড়ির কাগজপত্র নিয়ে ট্রাফিক সার্জেন্ট মো. শাহাজাহান আলীর সঙ্গে কথা বলতে বলা হয়। এজাহারে অভিযোগ করা হয়, চালক মিজানুর রহমান ও তাঁর সহযোগী রায়হান আলম কাগজপত্র না দেখিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পিকআপটি ঘুরিয়ে আব্দুস সালেককে আঘাত করা হয়। এতে তিনি গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে প্রায় ১০ থেকে ১৫ হাত দূর পর্যন্ত চলে যান। তাঁর চিৎকার শুনে সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এসে পিকআপটি আটক করেন। এ ঘটনায় আব্দুস সালেক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩০৭, ৩৩২, ৩৫৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে রাখার আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com