২২ অক্টোবর ২০২৬
preview
নাওডাঙ্গাকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার সামসুল হুদা বাবুলের

মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।

আসন্ন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মোঃ সামসুল হুদা বাবুল মাস্টার নাওডাঙ্গা ইউনিয়নকে একটি সুশাসিত, মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত 'মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নির্বাচনী প্রচার-প্রচারণা ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। মাওলানা সামসুল হুদা বাবুল মাস্টার বলেন, "নাওডাঙ্গা ইউনিয়নের তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং নাবালিকা মেয়েদের অকাল ঝরে পড়া রোধে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করাই হবে আমার প্রথম ও প্রধান অগ্রাধিকার।"

তিনি আরও বলেন, "একজন শিক্ষক হিসেবে শিক্ষার আলো দিয়ে সমাজের অন্ধকার দূর করা আমার নৈতিক দায়িত্ব। জনগণের সেবা করার যে সুযোগ আপনারা আমাকে দিবেন, তা আমি শতভাগ আমানত হিসেবে রক্ষা করব। নাওডাঙ্গা ইউনিয়নকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত করে একটি আধুনিক, কল্যাণমুখী ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।"

মাওলানা সামসুল হুদা বাবুল মাস্টার দীর্ঘদিন ধরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে অবহেলিত ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। একজন সৎ, যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

মতবিনিময় সভাগুলোতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রচারণাকালে তিনি নাওডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।

এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com