২১ অক্টোবর ২০২৬
preview
মোল্লাহাটে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে শিশু শ্রদ্ধা রাহার করুণ মৃত্যু।

সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:


বাগেরহাটের মোল্লাহাটে খেলার ছলে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বুধবার (২১ অক্টোবর) আনুমানিক সকাল ৯টার দিকে মোল্লাহাট উপজেলার আন্দিক গ্রাম এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেষ রাহার মেয়ে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ৯টার দিকে পরিবারের অন্যান্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। শিশু শ্রদ্ধার মা-ও ঘরের কাজে ব্যস্ত থেকে রান্না করছিলেন। এ সময় বাড়ির উঠানে একা একা খেলা করছিল শিশুটি। সবার চোখের আড়ালে একপর্যায়ে বাড়ির সামনে অবস্থিত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে।


পরবর্তীতে দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির সামনের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু শ্রদ্ধা'কে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন অকাল ও করুণ মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান, গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com