সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৫নং গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দেলোয়ার হোসেন বিপ্লব।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজপাট কাকা মিয়ার ঘাট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তিনি। শোভাযাত্রাটি গাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন পূজামণ্ডপে যায়। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে বিভিন্ন হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি।
সাবেক ছাত্রদল নেতা মোল্লা দেলোয়ার হোসেন বিপ্লব এ সময় মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচিত হলে গাওলা ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন। এলাকার শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবেন।
মাদকের বিস্তার রোধের বিষয়ে তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ইউনিয়ন পরিষদের পাশে একটি মাদক নিরাময়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবেন। পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এ ছাড়া এলাকার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগের সময় তিনি পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন এবং উৎসবটি যেন শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
######
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com