ডেক্স রিপোর্ট
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব মোঃ হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার দায়িত্ব প্রতিটি রাজনৈতিক দলের হলেও বিরোধীরা কেবল সরকারবিরোধী বক্তব্য ও সমালোচনাই চালিয়ে যাচ্ছে। দেশের সংকটকালে কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক দায়িত্ব নিতে তারা রাজি নয়। আজ সোমবার (১৯ অক্টোবর) রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া উপজেলা বিএনপি আয়োজিত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধী দলগুলোর ভূমিকা তুলে ধরে হাবিব উন নবী খান সোহেল একটি প্রতীকী উদাহরণ দেন। তিনি বলেন, পুলিশের ঘরে চোর ঢোকার পর যদি দাবি করা হয় যে এতে পুলিশের কোনো দায়িত্ব নেই, তবে তা যেমন হাস্যকর ঠিক তেমনই দেশের বর্তমান সংকটে বিরোধী দলগুলোর নিষ্ক্রিয় ও দায়িত্বজ্ঞানহীন আচরণও একই রকম। আসন্ন উপ-নির্বাচন ও স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে সঠিক প্রার্থী বেছে নেওয়ার কোনো বিকল্প নেই। সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে বিএনপি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু হায়াত নূরন নবী এবং সভা সঞ্চালনা করেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন। জনসভায় অন্যান্য বক্তারা উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com