মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়া গ্রামসহ পদ্মা নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ নদীভাঙন অব্যাহত রয়েছে। পদ্মার তীব্র ভাঙনে ইতোমধ্যে প্রায় ৫০০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা না হলে অচিরেই দুটি ওয়ার্ড, কয়েকটি মসজিদ এবং অসংখ্য বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য। এ সময় তাঁর সঙ্গে দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক, থানা যুবদলের আহ্বায়ক, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা তাদের চরম দুর্ভোগের কথা তুলে ধরে অবিলম্বে নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। তারা জানান, প্রতিদিন পদ্মা নদী নতুন নতুন এলাকা গ্রাস করছে। ফলে কৃষিজমির পাশাপাশি বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটছে শত শত পরিবারের।
ভাঙনের ব্যাপকতা সম্পর্কে সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, "অতীতে নদীভাঙন প্রতিরোধে সরকার থেকে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে সেই অর্থ দিয়ে কার্যকর প্রতিরক্ষা কাজ সম্ভব নয়। ভাঙনের ব্যাপকতা বিবেচনায় জরুরি ভিত্তিতে বৃহৎ পরিসরের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।"
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত একটি কারিগরি দল ঘটনাস্থলে পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
ভাঙনকবলিত এলাকার মানুষের মতে, দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করা হলে তাদের আবাদি জমি, বসতবাড়ি ও জীবন-জীবিকার শেষ সম্বলটুকুও পদ্মার গর্ভে হারিয়ে যাবে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
হাজারো মানুষের বসতভিটা ও জীবিকা রক্ষায় অতি দ্রুত নদীশাসন কার্যক্রম শুরু করে পদ্মার অব্যাহত ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com